জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ–সংলগ্ন এলাকায় জাতীয় কবির সমাধির পাশে তাকে দাফন করা হয়।
দাফনকালে হাদিকে কবরে শোয়ানোর পর মাটি দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উপস্থিতদের সামনে তিনি আবেগ সামলাতে না পেরে বাকরুদ্ধ হয়ে পড়েন। একপর্যায়ে কাঁদতে কাঁদতে পাশে থাকা ইটের দেয়ালে বসে পড়েন তিনি। কান্নার তীব্রতায় তখন তার পক্ষে কথা বলাও সম্ভব হচ্ছিল না।
এর আগে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে শুরু হওয়া ওই জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষ অংশ নেন।
জানাজা শেষে বিকেল ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় পৌঁছায়। সেখানে দাফনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফনকালে পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের আবহ, অনেকের চোখেই ছিল অশ্রু।