সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে যান।
এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি নিয়মিতভাবে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত থাকছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে—প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত।”
তিনি আরও উল্লেখ করেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত জরুরি।”