আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের পর ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ (সোমবার, ১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দেওয়া হবে “অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল।”
বিজ্ঞপ্তিতে বলা হয়,
“আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।”
এর আগে বাংলাদেশ সরকার একাধিকবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানায় এবং ভারতের উদ্দেশে চিঠিও পাঠায়। তবে ভারত এসব অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একাধিকবার বলেছেন, তাকে ফেরত চেয়ে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে, কিন্তু ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর পাওয়া যায়নি।