বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ অপশক্তিকে প্রতিহত করতে দল-মত নির্বিশেষে সব সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
সংসদ সদস্যদের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমদ বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছেন, একটি দেশবিরোধী শক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে।
জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান স্পিকার।
এ ছাড়া সংসদ সচিবালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।
বক্তব্যের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করেন স্পিকার। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।