গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক উদ্বোধন করতে গিয়ে ফলকে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রবিবার সকালে ভোগড়া টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এই সড়ক উদ্বোধনের সময় এমন ঘটনা ঘটে।
উদ্বোধনের আগে মঞ্চের পাশেই একটি ফলক উন্মোচনের কথা ছিল। কিন্তু উপদেষ্টা সেখানে গিয়ে দেখতে পান, শ্বেত পাথরের ফলকে কালো কালি দিয়ে উদ্বোধক হিসেবে তার নাম লেখা হয়েছে এবং সেটি লাল মখমলের কাপড়ে ঢাকা। বিষয়টি দেখে তিনি বিরক্ত হয়ে বলেন, “এটি কি আমার বাপের টাকায় করা, তাহলে ফলকে কেন আমার নাম থাকবে?” তিনি দ্রুত ফলক পরিবর্তনের নির্দেশ দেন এবং আর সেটি উন্মোচন করেননি।
পরে তিনি টোলপ্লাজায় গিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন এবং নির্ধারিত টোল দিয়ে সড়ক অতিক্রম করেন। উপদেষ্টার এ বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। অনেকে তার এই বক্তব্যকে দায়িত্বশীলতার পরিচয় বলে প্রশংসা করেছেন।
এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রসঙ্গত, ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের এই সড়ক উদ্বোধনের মাধ্যমে রাজধানী ঢাকার যানজট অনেকটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। তবে সেতু উপদেষ্টার ফলক নিয়ে ক্ষোভ প্রকাশের ঘটনাটি অনুষ্ঠান শেষে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।