নগদ অর্থ ছাড়াই স্মার্টফোনে কিউআর কোড স্ক্যান করে ফুটপাতের চায়ের দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট, সুপারশপ ও কাঁচাবাজারে কেনাকাটার বিল পরিশোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
‘বাংলা কিউআর’ ব্যবহারের প্রচারণা এবং নগদবিহীন লেনদেনের সম্ভাবনা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বুধবার (১ জুলাই) তিনি সরাসরি মাঠে নামেন।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বের হয়ে রাজধানীর মতিঝিল এলাকায় বিভিন্ন ছোট দোকানে ডিজিটাল পেমেন্টের প্রদর্শনী চালান গভর্নর। শুরুতে তিনি ফুটপাতের ক্ষুদ্র বিক্রেতাদের কাছ থেকে কেনাকাটা করেন। পরে একটি চায়ের দোকানে চা পান করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বিল পরিশোধ করেন।
এরপর তিনি একটি সুপারশপে পিনাট বার কেনেন এবং দুপুরে একটি রেস্টুরেন্টে মোগলাই খেয়ে একই পদ্ধতিতে বিল দেন। সবশেষে কাঁচাবাজারে গিয়ে সবজি কিনে বিক্রেতার ‘বাংলা কিউআর’ স্ক্যান করে অর্থ পরিশোধ করেন।
এই উদ্যোগের মাধ্যমে গভর্নর বার্তা দিয়েছেন, ডিজিটাল পেমেন্ট এখন আর কেবল বড় প্রতিষ্ঠান বা শহুরে অভিজাত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নয়; ফুটপাতের দোকান থেকে কাঁচাবাজার পর্যন্ত সবাই সহজেই এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ ব্যবহারের সম্প্রসারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নগদ অর্থ বহন, খুচরা টাকার ঝামেলা এবং আলাদা পেমেন্ট প্ল্যাটফর্মের জটিলতা কমিয়ে একটি একীভূত কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
নতুন নিয়ম অনুযায়ী, ‘বাংলা কিউআর’ ব্যবহারের ক্ষেত্রে বিক্রেতারা ভ্যাটসহ সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত ফি নিতে পারবেন।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, গভর্নরের এ ধরনের সরাসরি অংশগ্রহণ ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াবে এবং ক্যাশলেস বাংলাদেশের লক্ষ্যে নতুন গতি আনবে।