ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত উপপরিদর্শকদের (এসআই) উদ্দেশ্যে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “আপনারাই পুলিশ বাহিনীর মেরুদণ্ড। পুলিশের সুনাম-দুর্নাম অনেকাংশেই নির্ভর করে আপনাদের কাজের ওপর।”
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সেবার মান বৃদ্ধি’ বিষয়ক ব্রিফিং সেশনে তিনি এসব কথা বলেন। ডিএমপিতে কর্মরত ২,৩৪৪ জন এসআইয়ের মধ্যে প্রথম ধাপে ৪৫০ জন এই সেশনে অংশ নেন।
ডিএমপি কমিশনার বলেন, “এসআইদের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ থাকে। তাই জনগণের ভরসা অর্জন এবং পুলিশের ভাবমূর্তি গঠনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “তদন্ত একটি জটিল এবং দায়িত্বশীল কাজ। বর্তমানে আদালতে জমা দেওয়া চার্জশিটের তুলনায় সাজার হার কম। এটি বাড়াতে হলে তদন্তের মান আরও উন্নত করতে হবে। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ এসআইদের বলেন, “আপনাদের নিয়োগ হয়েছে স্বচ্ছ প্রক্রিয়ায়। তাই দায়িত্ব পালনে আপনাদেরও স্বচ্ছতা ও সততা বজায় রাখতে হবে। নিজের আয় সীমার মধ্যেই সংসার চালান এবং সম্মানের সঙ্গে চাকরি করুন।”
তিনি আরও বলেন, “আমরা জীবিকা, পরিবার ও সমাজের জন্য পুলিশে এসেছি—সম্মানের সঙ্গে বাঁচার জন্য। তাই অন্যদের দেখার প্রয়োজন নেই, বরং নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলেই পুলিশ বাহিনী সবার আস্থা অর্জন করতে পারবে।”