আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শহীদ পরিবারের সদস্যরা পাশে থাকলে বিচারিক দায়িত্ব পালনে মনোবল ও অনুপ্রেরণা বহুগুণে বেড়ে যায়।
সোমবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তিনি এই অনুভূতির কথা জানান। ছবিতে দেখা যায়, তিনি শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়া এবং শহীদ পরিবারের আরও কয়েকজন সদস্যের সঙ্গে রয়েছেন।
ছবির ক্যাপশনে চিফ প্রসিকিউটর লেখেন, “শহীদ পরিবারের সদস্যরা যখন আমাদের পাশে এসে দাঁড়ান, তখন আমাদের কঠিন দায়িত্ব পালনে আমরা অনেক বেশি শক্তি ও অনুপ্রেরণা পাই।”
তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই সাড়া ফেলেছে। বহু মানুষ তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, বিচারিক দায়িত্ব পালনের এমন মানবিক দৃষ্টিভঙ্গিই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
চিফ প্রসিকিউটরের এই বার্তা শুধু আইনি দায়িত্ব নয়, বরং জাতির প্রতি নৈতিক দায়িত্ব পালনেরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। শহীদদের রক্তের মূল্য যাতে রাজনীতি বা সময়ের অতলে হারিয়ে না যায়, তা স্মরণ করিয়ে দিচ্ছে এই উদ্যোগ।
জাতীয় পর্যায়ে চলমান গণআন্দোলন ও শহীদ পরিবারের আত্মত্যাগের প্রেক্ষাপটে তার এই বার্তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।