ঈদ উপলক্ষে যাত্রীদের যাত্রা পরিস্থিতি পরিদর্শনে বুধবার (৪ জুন) কমলাপুর রেলস্টেশনে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে ঘটে এক হৃদয়ছোঁয়া ঘটনা, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।
স্টেশনে প্রবেশের সময় রামিন নামের এক পথশিশু স্বরাষ্ট্র উপদেষ্টাকে সালাম করে। উপদেষ্টা তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে রামিনের কাছে ছুটে যান। শিশুটি তার পায়ে ধরে সালাম করার চেষ্টা করলে, তিনি তাকে তুলে ধরে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন।
রামিন তখন উচ্ছ্বাসভরে বলেন, “আমার জন্য দোয়া করেন।” উত্তরে উপদেষ্টা বলেন, “তোমার জন্য দোয়া করি, ভালো থেকো।” এরপর তিনি শিশুটিকে কিছু টাকা দিতে চাইলে, রামিন বিনয়ের সঙ্গে বলেন, “ট্যাকা লাগত না।” এবং কিছুটা দূরে সরে দাঁড়ায়।
এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আবেগে আপ্লুত হন। উপদেষ্টা আবার তার কাছে গিয়ে বলেন, “তাহলে আমার জন্য দোয়া করো।” এমন মানবিক আচরণ ও মমতার ছোঁয়ায় পরিস্থিতি এক আবেগঘন মুহূর্তে পরিণত হয়।
পরে সাংবাদিকরা রামিনকে প্রশ্ন করলে সে জানায়, “ওনাকে খুবই ভালো লাগছে। খুবই ভালো। ট্যাকা নিলে মানুষে মন্দ বলবে।”
এই ঘটনাটি শুধুমাত্র একজন পথশিশুর আত্মসম্মানবোধ নয়, বরং একজন রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মানবিক আচরণেরও অনন্য উদাহরণ হয়ে উঠেছে। ঈদের আগে এমন আন্তরিকতায় মাখা এই মুহূর্তটি সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়—মানবতা এখনো বেঁচে আছে, ছোট হাতের স্পর্শেও ভালোবাসা ফুটে ওঠে।