বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তান হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়।
উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পাশাপাশি বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করতে ভূমিকা রাখবে।