জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন, আসিফ নজরুলসহ আরও দুই উপদেষ্টা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন এবং তাদের প্রয়োজনে পদত্যাগে বাধ্য করা হবে।
বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব অভিযোগ তুলেন। কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দাবি করে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন,
“আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। তিনি জনগণের রক্তের সঙ্গে বেইমানি করছেন। যদি জুলাই ঘোষণাপত্র না দেন, তাহলে দেশে থাকতে পারবেন না।”
নাসীরুদ্দীন আরও বলেন, “উপদেষ্টা প্যানেলের যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের সরিয়ে দিতে হবে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ কাজ করছেন। আইন মন্ত্রণালয়কে দুর্বল করতেই কাজ করছেন আসিফ নজরুল।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোটে অংশ নেবে না। ইসি এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। তারা রক্তের ম্যান্ডেট নিয়ে বিএনপির হয়ে কাজ করছে।”
তিনি আরও অভিযোগ করেন, “দেশের বিভিন্ন জায়গায় দালাল চক্র ইসি ও প্রশাসন দখল করে ফেলেছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দিতে হবে। বিএনপি এখন লাশের রাজনীতি শুরু করেছে, আওয়ামী লীগের অর্থে তাদের কার্যক্রম চালাচ্ছে।”
নাসীরুদ্দীন পাটোয়ারী তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে আর ‘মুজিবীয় সংবিধান’ চলবে না।”