জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আনুষ্ঠানিকভাবে স্টেডিয়াম দুটি উদ্বোধন করেন। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তাঁর দুই ভাই উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তাঁর আত্মত্যাগ ও স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়াম দুটি শুধু ক্রীড়া স্থাপনা নয়, বরং সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত হবে।
এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সে উদ্যোগ নেবে।
প্রতিমন্ত্রী আরও জানান, রংপুর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে।