আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশকে জাহান্নামে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের পরিবর্তে আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস এবং মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পর মানুষের প্রত্যাশা ছিল দেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং গণতন্ত্র হত্যা, অধিকার হরণ ও দুর্ভিক্ষের কারণে মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। সে সময় ঢাকার রাস্তায় বেওয়ারিশ লাশ পড়ে থাকার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে বিএনপি জনগণের পাশে ছিল। এ কারণেই মানুষ দলটির প্রতি আস্থা রেখেছে।
বর্তমান সরকারের সমালোচনা এবং বিরোধী দলের বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সময় প্রয়োজন। দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয়। অথচ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কর্মসূচি ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি করতে পারে।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, গাড়িতে আগুন কিংবা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ সন্ত্রাস ও আন্ডারগ্রাউন্ড রাজনীতিকে সমর্থন করে না।
বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। পরবর্তী নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে।
গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে নতুন গ্যাসকূপ খনন ও সমুদ্র থেকে গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্তমান সংকট তৈরি হয়েছে। তবে সৌরবিদ্যুতের প্রসারসহ সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।