পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মক্কা প্যাক্টের ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট নীতি মানবে সরকার। সময় নিয়ে যাচাই-বাছাইয়ের পরই আসবে সিদ্ধান্ত।
আজ মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, ‘দেশের জন্য অমঙ্গল হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফেরত এসেছে। আইপিইউ মহাসচিবের সফর গণতন্ত্রকে শক্তিশালী করবে।’
তিনি জানান, বর্তমানের তরুণ সংসদ সদস্যদের ইতিবাচক ভাবে দেখছে আইপিইউ।
বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সার্জিও গোরের মন্তব্য আগের চুক্তিকে নিয়ে হতে পারে বলে জানান তিনি।
এর আগে, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানায় আইপিইউ। সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও সংসদীয় কূটনীতি জোরদারের বিষয়েও আলোচনার কথাও জানান প্রতিমন্ত্রী।