আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় ভরে ভরে কিংবা কোটি কোটি লেনদেন হচ্ছে’ মন্তব্য করার ঘটনায় আদালত অবমাননার অভিযোগ এনে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করা হয়েছে। আগামী ৪ নভেম্বর তাকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
প্রসিকিউশন জানায়, ব্যারিস্টার ফুয়াদকে আগামী ৪ নভেম্বর ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ওই দিন বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেবেন বলে আশা করা হচ্ছে।
এ প্রসঙ্গে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়েছিলেন ব্যারিস্টার ফুয়াদ। ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে একটি মন্তব্য করেন তিনি। তার এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে এসেছে। এরপর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে এর আগে দুই আইনজীবীকেও আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে।