জাতীয় সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব পড়ার সময় ভুল করে বসেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। সঙ্গে সঙ্গে সেই ভুল ধরিয়ে দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতার মনোযোগ ও সতর্কতার প্রশংসা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপনের সময় কমিটির সদস্যদের নাম পড়ছিলেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। একপর্যায়ে একটি নাম ও তথ্যে গড়মিল দেখা দিলে তিনি নিজেই থেমে গিয়ে বলেন, ‘একটু ভুল হয়েছে সম্ভবত।’
এরপর সংশোধন করে আবার নাম পড়তে শুরু করলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কথা বলার সুযোগ পান। তিনি বলেন, ‘এখানে হাফিজ উদ্দিন বলেছেন তো উনি। আমার মনে হয়, হাফিজ ইব্রাহিম বলতে গিয়ে হাফিজ উদ্দিন বললেন কিনা।’
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর ভুল স্বীকার করেন চিফ হুইপ। তিনি বলেন, ‘এখানে ভুল হতে পারে। পাঁচ নম্বরে আছে—জনাব মো. হাফিজ ইব্রাহিম, ১১৬ ভোলা-২ সদস্য। এছাড়া বাকি সকলের নাম সব ঠিকই আছে। হাফিজ ইব্রাহিম আমি আগে একবার বলেছিলাম। ভুল সংশোধন করতে গিয়ে ভুল করেছি।’
চিফ হুইপের বক্তব্যের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিরোধীদলীয় নেতার মনোযোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আর সেই ভুলটাই আমাদের মাননীয় বিরোধীদলীয় নেতা ধরিয়ে দিয়েছেন। তার মানে তিনি প্রতি মুহূর্তে শোনেন মনোযোগ সহকারে।’