পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক বিভাজন ও পারস্পরিক দোষারোপের সুযোগ যেন শেখ হাসিনা নিতে না পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লেক পুনঃখননের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ্যানি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা উদ্বেগজনক। এসব বিভেদ রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “সস্তা রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। একে অপরকে দোষারোপের রাজনীতি চলতে থাকলে সেই সুযোগ শেখ হাসিনা নিতে চাইবেন। তাই তাকে কোনো সুযোগ দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো বাস্তব সুযোগ তিনি দেখেন না। তার ভাষ্য, অতীতের কর্মকাণ্ডের কারণে দেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক পুনঃখননের বিষয়ে মন্ত্রী জানান, সরকারের ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের লেক অন্তর্ভুক্ত করার প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। শিগগিরই একটি কারিগরি দল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে খননকাজ শুরু হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় বৈষম্য ও বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে। অহংকার ও বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে ঐক্য ও দায়িত্ববোধের সঙ্গে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম।