সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতারা দাসপাড়ায় পুকুর থেকে মাছ চুরির সন্দেহকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে অধেশ্বরা দাস (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত অধেশ্বরা দাস, ওরফে রসদা দাস, উপজেলার পশ্চিম সাইতারা দাসপাড়ার বাসিন্দা এবং বাবুরাম দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাসের বিরুদ্ধে ছোট ভাইয়ের পুকুর থেকে মাছ ধরার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই পরিবারের নারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
পরে বুধবার রাত প্রায় ১১টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে অধেশ্বরা দাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঘটনার পর নিহতের বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।