তিনি বলেন, ‘আমরা ল’ফার্ম নিয়োগ করেছি। সার্টিফায়েড কপিটা যোগাড়ের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত বেইল (জামিন) ক্যানসেল করতে পারব। দ্রুত তাকে ফিরিয়ে আনতে পারব।’
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
এ ঘটনায় তার জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এই উদ্দেশ্যে দুবাইতে একটি ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন, এটি আমরা শুনেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইতে ল’ফার্ম নিয়োগ করেছে।
আমরা আশা করছি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দেশে ফেরত আনতে পারব। বাংলাদেশ থেকে নিয়োগকৃত ল’ফার্ম এ ব্যাপারে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ল’ফার্ম নিয়োগ করেছি। সার্টিফায়েড কপিটা যোগাড়ের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত বেইল (জামিন) ক্যানসেল করতে পারব। দ্রুত তাকে ফিরিয়ে আনতে পারব।’
এর আগে, আজ (২ আগস্ট) দুপুরে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিনে মুক্তির খবরের বিষয়ে জানতে চাইলে ঢাকার পুলিশ সদর দপ্তর জানায়, তাদের কাছে এ ধরনের কোনো দাপ্তরিক তথ্য নেই।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন টিবিএসকে বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো বলতে পারবে।’
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে জামিন পেলেও বেনজীর আহমেদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দুবাই আদালত। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে জমা রাখা হয়েছে।
আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। ফলে জামিন পেলেও আপাতত তার দেশত্যাগের কোনো সুযোগ নেই।