বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের বিমানখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি জানান, প্রবাসীদের সুবিধা বাড়ানো, টিকিট সিন্ডিকেট দমন এবং পর্যটন খাতের সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে।
শনিবার (১ আগস্ট) মানিকগঞ্জের মুন্নু সিটিতে বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড়, টিকিট সিন্ডিকেট নিয়ন্ত্রণ, প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে মূল্যছাড় দেওয়ার উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করছে।
সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুকে স্মরণ করে তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শের প্রতি তিনি ছিলেন আপসহীন। দেশ, মানুষ এবং শিল্পোন্নয়নে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় মন্ত্রী মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। পাশাপাশি বৃক্ষরোপণ, চিকিৎসকদের বিশেষ সম্মাননা প্রদান এবং মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নু ২০১৭ সালের ১ আগস্ট মারা যান। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।