ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, বেপরোয়া ও অদক্ষ চালকদের কারণে দুর্ঘটনা কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে আইন মেনে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নগরবাসীর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে।
নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসির পক্ষ থেকে পরিবারটিকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন দেওয়া হবে।
ডিএনসিসির কোনো গাড়ি অদক্ষ চালক বা হেলপার দিয়ে চালানো হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানা মতে, ডিএনসিসির কোনো গাড়ি অদক্ষ চালক দিয়ে পরিচালিত হয় না।
এর আগে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসির কর্মকর্তারা নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।