মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, জাতি, ধর্ম ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সরকার দেশের সব মানুষের কল্যাণে কাজ করছে। বর্তমানে দেশে ৪০ লাখ নিবন্ধিত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ রয়েছেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’-এর উদ্যোগে নবনির্মিত ‘প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছেন। এমন একটি সমাজ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য, যেখানে কোনো মানুষ নিজেকে অবহেলিত, বঞ্চিত বা অসহায় মনে করবেন না।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজনীয় থেরাপি ও চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে তারা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে সমাজের মূলধারায় যুক্ত হতে পারে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, সমাজসেবামূলক প্রতিষ্ঠানে অনুদান দিলে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। মানবকল্যাণে সবাইকে এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিশু কল্যাণ পরিষদ ও ‘দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’-এর মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ বর্তমানে ৮০ শয্যার ফিজিওথেরাপি সেন্টার পরিচালনা করছে। নতুন করে আরও ৭০টি শয্যা যুক্ত হওয়ায় এখন থেকে মোট ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এ সেবা গ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে দি দাউদি বোহরাস অব বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের প্রতিনিধিসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।