বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ লক্ষ্য বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে এবং এর সুফল ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বা আদর্শ নেই। তাই সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপরাধীরা যেন আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, অতীতের সরকারের শাসনামলে গণতন্ত্র, অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং ভবিষ্যতে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা তাদের দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য হবে না বলেও তিনি উল্লেখ করেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।