স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০ কোটি মানুষের দেশে সব দায়িত্ব সরকারের ওপর ছেড়ে দিলে উন্নয়ন সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং নারী ও শিশুদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মাদক নিয়ন্ত্রণে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য কঠোর আইনও প্রণয়ন করা হয়েছে। তবে সমাজ থেকে মাদক নির্মূলে সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও জানান, ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় চিঠি ইতোমধ্যে দেওয়া হয়েছে। শিগগিরই জনবল নিয়োগ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী বলেন, হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। সবাই ইতিবাচক মনোভাব নিয়ে সহযোগিতা করলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।