জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল বলেছেন, নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের ভিত্তি বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুদৃঢ় হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার সমতাভিত্তিক সুশাসন, নারীর অংশগ্রহণ এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।
রোববার (২৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
বৈঠকে প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য ভারপ্রাপ্ত স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়। কায়সার কামাল আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান এবং প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
আলোচনায় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন, নারী ক্ষমতায়ন এবং শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। তার মতে, এসব উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বৈঠকে এসডিজি বাস্তবায়ন, নারী উন্নয়ন এবং বাংলাদেশ ও ইউএনওপিএসের চলমান সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।