সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে উত্থাপিত বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালনের সময় সংবিধান অনুযায়ী তিনি দায়মুক্তির (ইমিউনিটি) সুবিধা ভোগ করেছেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আদালতে কোনো ফৌজদারি মামলা করা যায় না।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করা সংবিধানসম্মত একটি প্রক্রিয়া। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন এবং স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী তিনি প্রাপ্য সব সুযোগ-সুবিধাও পাবেন।
মো. সাহাবুদ্দিনকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনার বিষয়ে মন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের মতপ্রকাশ ও সমালোচনার স্বাধীনতা রয়েছে। কেউ অভিযোগ তুলতে পারেন, তবে সরকার এখন পর্যন্ত সেসব অভিযোগে আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখেনি।
লন্ডনে অবস্থানকালে মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত ফোনালাপের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি গণমাধ্যমে এসেছে। তবে সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ নেই। তিনি মন্তব্য করেন, বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলতে বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না।
রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেগুলো সংশ্লিষ্ট সময়ের বিষয় এবং আইন অনুযায়ী যেভাবে প্রযোজ্য, সেভাবেই বিবেচিত হবে।