মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ, গোলাগুলি ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাত থেকে ইউনিয়নের নয়াকান্দি ও নতুন আমঘাটা গ্রামে চলা এই তাণ্ডবে এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের গাড়ি লক্ষ্য করেও একাধিক ককটেল নিক্ষেপ করে হামলাকারীরা।
আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—দিদার শিকদার (৪৫), সানি সর্দার (২৫), বোরহান শিকদার (৪৭) এবং দিদার ঢালী (৪৭)।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মোল্লাকান্দি এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টায় বিএনপির দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার ফজরের নামাজের আগে নয়াকান্দি ও নতুন আমঘাটা গ্রামে ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়।
একপর্যায়ে প্রতিপক্ষকে এলাকাছাড়া করার উদ্দেশ্যে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই গোলাগুলি ও বোমাবাজিতে মোল্লাকান্দি ইউনিয়নের অন্তত চার থেকে পাঁচটি গ্রামে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও সংঘর্ষকারীরা বিভিন্ন নিরাপদ স্থানে অবস্থান নিয়ে থেমে থেমে ককটেল বিস্ফোরণ অব্যাহত রাখে। এমনকি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের গাড়ি লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিমউদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে এই দুই পক্ষের নেতৃত্বে কারা রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন।