জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংসদে কথা বলার সুযোগ না পেলে তিনি অধিবেশনে থাকবেন না। এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বের আগে এ ঘটনা ঘটে।
নাহিদ ইসলাম কথা বলতে চাইলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তাকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। জবাবে নাহিদ বলেন, ‘না, মাননীয় স্পিকার! প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’
তিনি আরও বলেন, সরকারের কাছ থেকে কোনো জবাব প্রত্যাশা করেন না, শুধু নিজেদের বক্তব্য তুলে ধরতে চান। কথা বলার সুযোগ না দিলে সংসদে না থাকার কথাও জানান তিনি।
পরে স্পিকার তাকে বক্তব্য দেওয়ার অনুমতি দেন। বক্তব্যে নাহিদ অভিযোগ করেন, বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়। এতে বাড়ির গবাদিপশুও মারা গেছে।
ঘটনার তদন্ত নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ফরেনসিক তদন্ত ছাড়াই কীভাবে পেট্রোল বোমা হামলার আলামত পাওয়া যায়নি বলে মন্তব্য করা হলো, তা বোধগম্য নয়।
দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় উদ্বেগ জানিয়ে নাহিদ সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পরে স্পিকার ঘটনাটিকে গুরুতর অপরাধ উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি দলের প্রতি নির্দেশনা দেওয়ার কথা জানান।