জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীরা কোনো ব্যক্তিগত লাভ বা রাষ্ট্রীয় সুবিধার আশায় রাজপথে নামেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, তারা জেনেশুনেই জীবন, স্বাধীনতা ও ভবিষ্যৎ ঝুঁকির মুখে রেখে আন্দোলনে অংশ নিয়েছিলেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও জুলাইভিত্তিক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আন্দোলনকারীরা রাষ্ট্রের কাছ থেকে আর্থিক সহায়তা বা চিকিৎসার নিশ্চয়তা পাওয়ার প্রত্যাশা নিয়ে রাস্তায় নামেননি। তবে তাই বলে রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না। তিনি বলেন, শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা করা এবং তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
তিনি জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ মাস ধরে বেতন না পাওয়ার বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠার প্রশংসা করেন।
তথ্য উপদেষ্টা বলেন, রংপুরের আবু সাঈদের আত্মত্যাগ সাহস ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয়, যেখানে নাগরিকদের অধিকার আদায়ে জীবন দিতে হয়। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে নিহতদের বড় একটি অংশ ছিলেন শ্রমজীবী মানুষ, যাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।