জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীরা কোনো ব্যক্তিগত লাভ বা সুবিধার আশায় জীবন ঝুঁকিতে ফেলেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, তারা জানতেন আন্দোলনের পরিণতি হতে পারে মৃত্যু, কারাবরণ কিংবা নির্যাতন। তবুও দেশের স্বার্থে তারা রাজপথে নেমেছিলেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও জুলাইভিত্তিক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আন্দোলনে আহত ও শহীদ ব্যক্তিরা রাষ্ট্রের কাছ থেকে আর্থিক সহায়তা বা চিকিৎসা পাওয়ার প্রত্যাশা নিয়ে রাস্তায় নামেননি। তবে তাদের এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
তিনি জুলাই ফাউন্ডেশনের কর্মীদের দীর্ঘদিন বেতন না পাওয়ার বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক উল্লেখ করে বলেন, পাঁচ মাস ধরে বেতন না পেলেও তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই সমস্যার দ্রুত সমাধানে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তথ্য উপদেষ্টা আরও বলেন, রংপুরের আবু সাঈদের মতো তরুণদের সাহসিকতা জাতির জন্য অনুপ্রেরণা। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর যেন তৈরি না হয়, যেখানে নাগরিকদের জীবন দিয়ে অধিকার আদায় করতে হয়। তিনি বলেন, গণঅভ্যুত্থানে প্রাণ হারানোদের বড় একটি অংশই ছিলেন শ্রমজীবী মানুষ, যাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।