জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পোশাক। আদালতে আইনজীবীদের ব্যবহৃত বিশেষ ব্যান্ড পরে অধিবেশনে অংশ নেওয়ায় বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়।
মঙ্গলবার (৩০ জুন) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্যের শুরুতেই রুমিন ফারহানা বলেন, আদালতের বাইরে এই ব্যান্ড পরার বিধিনিষেধ সম্পর্কে তিনি অবগত। তবে বিশেষ পরিস্থিতির কারণেই তিনি এটি পরে সংসদে এসেছেন বলে উল্লেখ করেন।
একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ টাকার বাজেটের সমালোচনা করে বরাদ্দ কমিয়ে ১ টাকা করার প্রস্তাব দেন। বক্তব্যে তিনি সাম্প্রতিক হত্যাকাণ্ড, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও নারী-শিশু নির্যাতনের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নিজস্ব কার্যপ্রণালী বিধি অনুযায়ী পরিচালিত হয় এবং এখানে আদালতের পোশাকবিধি প্রযোজ্য নয়। তিনি জানান, সংসদের কার্যপ্রণালীতে নির্দিষ্ট কোনো পোশাকের বাধ্যবাধকতা নেই।
রুমিন ফারহানার পোশাককে তিনি ‘শোভন’ আখ্যা দিয়ে বলেন, একজন সংসদ সদস্য নিজের পছন্দের পোশাক পরার স্বাধীনতা রাখেন। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমান সরকারের সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন সূচকে উন্নতি হয়েছে এবং অপরাধ দমনে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে যাচ্ছে।