কুমিল্লার মনোহরগঞ্জের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। রোববার (২৮ জুন) সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এই সফর শিক্ষার্থীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।
সফরের অন্যতম আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে অংশগ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন।
সাক্ষাতের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। এই মুহূর্তকে তারা জীবনের অন্যতম স্মরণীয় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— মনোহরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ, নীলকান্ত সরকারি কলেজ, নাথের পেটুয়া ডিগ্রি কলেজ এবং শাহ শরীফ ডিগ্রি কলেজ।
সফরের শুরুতে শিক্ষার্থী ও শিক্ষকরা এলডি হল পরিদর্শন করেন এবং বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। পরে তারা চলমান বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন।