প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের প্রস্তাবিত বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী, যা দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৮তম কার্যদিবসে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাজেটে ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহারের পর বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি দাবি করেন, এবারই প্রথম বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়নি, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয়।
তিনি প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, দেশের বিভিন্ন চ্যালেঞ্জকে তিনি অস্বীকার করেন না, আবার কোনো অজুহাত হিসেবেও ব্যবহার করতে চান না। তার মতে, অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি হয়েছিল, যা অর্থনীতিতে প্রভাব ফেলেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এবং সরকার অতীতের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চায়।