স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত বলেছেন, বিরোধী দল প্রায়ই সংস্কার ও জুলাই সনদের কথা বললেও তারা মূলত এমন সংস্কারের কথাই বলে, যা তাদের রাজনৈতিক ক্ষমতার অংশীদারিত্ব নিশ্চিত করবে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল এখন পর্যন্ত স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে কার্যকর কোনো আলোচনা করেনি। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্য সংস্কার কমিশন ইতোমধ্যে বিভিন্ন সুপারিশ করেছে। বিরোধী দল যদি সেই সুপারিশগুলো নিয়ে সংসদে গঠনমূলক আলোচনা করত, তবে তা আরও ফলপ্রসূ হতো।
দেশের স্বাস্থ্য খাতের প্রধান চ্যালেঞ্জ তুলে ধরে এম এ মুহিত বলেন, বর্তমানে দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগের কারণে হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে অতিমারি ও মহামারির ঝুঁকিও বড় উদ্বেগের বিষয়।
চিকিৎসা ব্যয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবার মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশই রোগীদের নিজস্ব অর্থ থেকে বহন করতে হয়। অথচ থাইল্যান্ডে এ হার প্রায় ১০ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির মূল লক্ষ্য হলো ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করে একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা। এই ব্যবস্থায় ধনী-গরিব নির্বিশেষে সবাই সহজলভ্য ও বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।