রাজধানীর হাতিরঝিল থানার পাগলা মাজার এলাকার লেকপাড় থেকে মো. মাহফুজ (৪৫) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (২৭ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহফুজ ঢাকার কামরাঙ্গীরচর নয়াগাঁও আশরাফাবাদ এলাকার আব্দুল মালেকের ছেলে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম উল্লাহ জানান, বিকেলে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লেকপাড় থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়।
তিনি আরও বলেন, স্থানীয়দের তথ্যে জানা গেছে, অসুস্থ অবস্থায় তিনি লেকপাড়ে পড়ে ছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।