বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি থাকলে অতিরিক্ত প্রতি অতিথির জন্য এক হাজার টাকা কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
মো. শাহাদাত হোসেন বলেন, দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যাপক অপচয় হচ্ছে। তার দাবি, এসব অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জাঁকজমক, নাচ-গান এবং অতিরিক্ত অতিথি আপ্যায়নের কারণে বিপুল পরিমাণ অর্থ ও খাদ্যের অপচয় হয়। এ ধরনের অপচয় কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি জানান, অতীতে ১০০ জনের বেশি অতিথি হলে কর আরোপের একটি আইন ছিল। সেই অভিজ্ঞতার আলোকে তিনি আবারও প্রস্তাব করেন, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে কর নির্ধারণ করা যেতে পারে।
বিএনপি নেতা আরও দাবি করেন, সামাজিক অনুষ্ঠানের অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তার ভাষ্য, এ ধরনের অপচয় বন্ধ করা গেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে। তবে এ বিষয়ে তিনি কোনো পরিসংখ্যান বা গবেষণার তথ্য উপস্থাপন করেননি।