চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের কৌশলগত সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এই বৈঠকে গুরুত্ব পাবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের চীন সফরের শেষ দিনে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় দুই নেতা আনুষ্ঠানিকভাবে মুখোমুখি হবেন।
মাহদী আমিন বলেন,
প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং জনগণের কল্যাণে কার্যকর সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন,
বাংলাদেশ ও চীনের সম্পর্ক আগামী দিনে আরও বহুমাত্রিক ও শক্তিশালী হবে। কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগ, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক—সব ক্ষেত্রেই দুই দেশের সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সরকার আশা করছে।
চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে সফরসঙ্গী হয়েছেন হুমায়ুন কবির, একেএম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং মাহদী আমিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর সফরের শেষ দিনের কর্মসূচি বেশ ব্যস্ত। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে তিনি ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে গ্রেট হল অব দ্য পিপল-এ সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি চীনের জাতীয় জাদুঘরও পরিদর্শন করবেন।
সফর শেষে শুক্রবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সফরসঙ্গীরা বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নিতে চীনের দালিয়ান শহরে পৌঁছান। সেখানে দুই দিনের বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর বুধবার বিকেলে তিনি বেইজিংয়ে যান। সফরের সমাপনী দিনে চীনের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে এই বৈঠককে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।