তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে পড়বে। প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে সক্ষম।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নতুন নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের সাহসের সঙ্গে কাজ করতে হবে। তাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।