দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ, যা উদ্বেগজনক।
বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জাতীয় পর্যায়ের এক গবেষণায় দেশে মাদক ব্যবহারকারীর এ চিত্র উঠে এসেছে। নতুন সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে তরুণ সমাজের একটি বড় অংশ মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, যা দেশের জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি জানান, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ঢাকার তেজগাঁওসহ সরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।
এ সময় তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোকেও সহায়তা দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরে ৭৩টি বেসরকারি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।