ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে বড় পর্দায় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচ উপভোগ করতে এসে তিনি বলেন, “আমি নিজের দেশের মতো অনুভব করছি। মনে হচ্ছে, আমি আর্জেন্টিনায় আছি।”
রাত ১১টায় ম্যাচ শুরুর আগে থেকেই মাঠে জড়ো হতে থাকেন শত শত আর্জেন্টিনা সমর্থক। নীল-সাদা জার্সি, পতাকা ও প্রিয় ফুটবলার লিওনেল মেসির নামে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি ও ফুটবলপ্রেম রাষ্ট্রদূতকে বিশেষভাবে অভিভূত করে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন লেখক ও সাংস্কৃতিক দূত ড্যান লান্দে, ইনফ্লুয়েন্সার রুলি, সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল এবং সান্তিয়াগো কন্দে। এ সময় তারা বাংলাদেশি সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ম্যাচকে ঘিরে মুহসিন হল ছাত্রদলের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ফুটবল শুধু খেলা নয়, এটি দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।