প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর বাজেট’ ও ‘গণবিরোধী বাজেট’ বলে সমালোচনা করছে।
বুধবার সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের প্রচারণাকালে সিলেট অঞ্চল থেকেই যাত্রা শুরু হয়েছিল এবং হবিগঞ্জে চা-বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শ্রীমঙ্গলের মাটিতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নারী-পুরুষ সবার অংশগ্রহণ প্রয়োজন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। এ লক্ষ্য থেকেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর ঘোষণা দেওয়া হয়েছিল এবং সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই এর বাস্তবায়ন শুরু করেছে।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করে। সেই লক্ষ্য সামনে রেখেই বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক কল্যাণমূলক বিভিন্ন খাতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, সাধারণ মানুষের কল্যাণে বরাদ্দ রাখা হলেও কিছু ব্যক্তি ও গোষ্ঠী এ বাজেটের সমালোচনা করছেন। তাদের কেউ কেউ বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে আখ্যা দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, যে বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং আর্থসামাজিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে, সেটিকেই কিছু মহল ‘গণবিরোধী’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে।
তিনি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।