তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সহযোগী অংশীদার হিসেবে দেখতে চায়। একই সঙ্গে তিনি সিটিজেন জার্নালিজমের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মূলধারার গণমাধ্যমের পাশাপাশি বর্তমানে সিটিজেন জার্নালিজম একটি গুরুত্বপূর্ণ বাস্তবতায় পরিণত হয়েছে, যা অস্বীকার করার সুযোগ নেই। তবে এ ধরনের সাংবাদিকতার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিমালা ও জবাবদিহিতার কাঠামো থাকা জরুরি।
তিনি আরও বলেন, যেসব সিটিজেন জার্নালিজমভিত্তিক প্ল্যাটফর্ম নিজেদের শিল্পপ্রতিষ্ঠান হিসেবে দাবি করে, তাদের সরকারের বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুসরণ করেই কার্যক্রম পরিচালনা করতে হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, একটি স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা করা গেলে তা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কমিশন গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।