দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ১১ দলীয় ঐক্য রাজপথে সক্রিয় থাকবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, গত কয়েক দিনের সহিংস ঘটনায় সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমান সরকারের কয়েক মাসের কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তার দাবি, গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব না হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। তবে সরকারপ্রধানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বলে জানান তিনি।
বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জনগণের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আবারও ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলা হবে। তার মতে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে রাজপথে গড়ে ওঠা ঐক্যই দেশের রক্ষাকবচ। জনগণ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো নৈরাজ্য প্রতিরোধ করা সম্ভব।
ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনর্গঠনে সরকার আন্তরিকতা দেখাচ্ছে উল্লেখ করে মামুনুল হক বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় মেনে নিলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আবারও ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। সরকারের সমন্বয়ে কিছু ঘাটতি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান তৎপরতায় ১১ দলীয় ঐক্য আপাতত সন্তুষ্ট বলেও জানান তিনি।
এদিকে, দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।