দেশের সীমানার ওপারের প্রভুদের খুশি করতে পলাতক স্বৈরাচার আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গুম, খুন ও মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার রাজনীতি দেশের মানুষ আর মেনে নেবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সরকার যখন জনগণের কল্যাণে কাজ করছে, তখন একটি মহল দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। যারা একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৭ বছর দেশ শাসন করেছে, তারাই আবার ষড়যন্ত্রে জড়িয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর ডামি নির্বাচন দেখতে চায় না। যারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তারা কেন তিস্তা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করেনি, সেই প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চান না উল্লেখ করে তিনি বলেন, মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা কখনো দেশপ্রেমের পরিচয় হতে পারে না। জনগণ এখন নিরাপত্তা ও নিজেদের ভাগ্যের পরিবর্তন চায়।
২০২৪ সালের মতো স্বৈরাচারের বিরুদ্ধে আবারও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। গণতন্ত্র রক্ষায় অতীতে যারা একসঙ্গে আন্দোলন করেছে, তাদের আবারও ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে জবাব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাবেদারি শক্তির বিরুদ্ধে এখন একটাই বার্তা—‘এনাফ ইজ এনাফ’।
জনসভায় সরকারের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এসব খাল তরুণদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা মাছ চাষসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।
এ ছাড়া চলতি বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম, পুরোহিত ও ধর্মীয় গুরুকে সম্মানী দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। ছোট শিক্ষার্থীদের নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস দেওয়া হবে এবং ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।