চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। শনিবার (১৩ জুন) দুপুরে তারা ঢাকায় পৌঁছান।
চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম এবং দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নিতে তারা দেশটি সফর করেন। সফরকালে ডেপুটি স্পিকার চীনের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন।
দ্বিপাক্ষিক বৈঠকে ব্যারিস্টার কায়সার কামাল কুনমিং-চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব দেন। পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, অর্থনৈতিক অঞ্চল ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান, ইউনান প্রদেশের গভর্নর ও কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
সফরে ডেপুটি স্পিকার বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের বিষয়েও আলোচনা করেন। চীনের প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে উন্নয়ন ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই।