প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কর্মসংস্থান এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি কৃষি, পানি ব্যবস্থাপনা, সামুদ্রিক সম্পদ, বস্ত্রশিল্প ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।
নেদারল্যান্ডসের প্রতিনিধি দল বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে খাদ্য সংরক্ষণ, কৃষিপণ্যের মূল্য সংযোজন এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন নেদারল্যান্ডসের প্রতিনিধিরা। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নদী ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হন উভয়পক্ষ।
এ সময় মাহদী আমিন দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি, কারিগরি শিক্ষা এবং বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বৈঠক শেষে দুই দেশ ভবিষ্যতে শিক্ষা, ব্যবসা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে।