তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের অনৈতিক বাধা, হামলা বা হস্তক্ষেপের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। গণমাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (১ জুন) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মূলধারার গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব এবং তাদের পেশাগত কাজে সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের কর্তব্য।
জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের প্রধান ভূমিকা হলো সমাজের বিভিন্ন খাতের কর্মকাণ্ড জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা। বিশেষ করে টেলিভিশন ও লাইভ সম্প্রচারের সাংবাদিকতা তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, “লাইভ মিডিয়া যত বেশি বিস্তৃত হবে, সমাজ তত বেশি উপকৃত হবে।”
মন্ত্রী আরও জানান, সম্প্রতি মূলধারার সংবাদমাধ্যমের সম্পাদক, মালিক ও সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন মামলা সরকারকে পর্যালোচনা করতে হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া কোনো মূলধারার সাংবাদিককে হয়রানি করা হবে না। অপরাধের প্রমাণ থাকলে প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে।
এ সময় সরকারের প্রথম ১০০ দিনের কর্মকাণ্ডে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী এবং ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকসহ দেশবাসীকে শুভেচ্ছা জানান।