দেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হওয়ায় বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। তেল, গ্যাস বা কয়লার পরিবর্তে এই কেন্দ্রের প্রধান জ্বালানি ইউরেনিয়াম, যা পারমাণবিক বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বিপুল তাপশক্তি উৎপন্ন করে।
পারমাণবিক জ্বালানির মূল উপাদান ইউরেনিয়াম পেলেট, যা ক্ষুদ্র আকারের হলেও শক্তির দিক থেকে অত্যন্ত কার্যকর। মাত্র কয়েক গ্রাম ইউরেনিয়াম থেকেই বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা প্রচলিত জ্বালানির তুলনায় বহুগুণ বেশি দক্ষ। এই তাপশক্তি দিয়ে পানি থেকে বাষ্প তৈরি করা হয়, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে।
রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি ব্যবহার করা হবে। জ্বালানি লোডিং সম্পন্ন হলে পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে।
বিশেষজ্ঞদের মতে, এ প্রকল্প চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে এবং আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমাবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশে পরিণত হতে যাচ্ছে।