বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শিগগিরই তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
দিনেশ ত্রিবেদী ভারতের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের সময়ে রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দেন।
বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-এর স্থলাভিষিক্ত হবেন ত্রিবেদী। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নানা কারণে আলোচনায় ছিল। তবে নতুন সরকার গঠনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে একজন অভিজ্ঞ রাজনীতিককে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, ত্রিবেদীর নিয়োগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে সহায়ক হতে পারে।