বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরিস্থিতি সামাল দিয়ে নিজের পদ ধরে রাখতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চাইছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ইনফান্তিনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একটি বৈঠকের সময় নির্ধারণের চেষ্টা করেছিলেন। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী এক ফোনালাপে রুবিওর সঙ্গে কথা বলার পরিকল্পনা ছিল ফিফা প্রধানের।
তবে পরে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন এক্সে দেওয়া এক পোস্টে জানান, রুবিওর সঙ্গে ইনফান্তিনোর কথা বলার কোনো পরিকল্পনা নেই। তিনি নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনের সমালোচনা করে বলেন, সূত্রের তথ্য যাচাই করা উচিত ছিল অথবা সরাসরি তাদের কাছে বিষয়টি জানতে চাওয়া যেত।
এর আগে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা করেন ইনফান্তিনো। ওই চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের প্রতিষ্ঠান যুক্ত থাকার কথা ছিল বলে জানা যায়।
তবে এ পরিকল্পনা প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে তা থেকে সরে আসেন ফিফা সভাপতি। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার পক্ষ থেকেও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আপত্তি জানানো হয়েছে। ওয়েলস ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফিফার পরবর্তী নির্বাচনে তারা তাকে সমর্থন করবে না।
নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে আরও বলা হয়, গত শুক্রবার ওই স্বত্ব বিক্রির প্রস্তাব বাতিল করা হয়। এরপর থেকেই ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন ইনফান্তিনো। তবে একাধিকবার চেষ্টা করেও সফল হননি তিনি। চারদিকে সমালোচনা ও চাপের কারণে ফিফা সভাপতি নিজেকে বিচ্ছিন্ন মনে করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?